ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান সংলগ্ন গ্রীন সিটি মডেল টাউনের তুরাগ নদীর তীরভূমিতে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েতে আয়োজিত ‘BIWTA Walkway Run 2026’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীর সীমানা সংরক্ষণ ও জনসাধারণের হাঁটাচলার উপযোগী পরিবেশ সৃষ্টিতে বিআইডব্লিউটিএ বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করেছে। অসম্পূর্ণ ওয়াকওয়ের সংযোগ বা মিসিং লিংক দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীরকে হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নদী সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

নদী দখল ও দূষণমুক্তকরণে সমন্বিত উদ্যোগ

মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব উৎস দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে। দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য প্রবেশ বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রমও চলমান রয়েছে।

বৃত্তাকার নৌযোগাযোগ ও নদীকেন্দ্রিক পর্যটন সম্প্রসারণ

মন্ত্রী বলেন, নদীকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন, বিনোদন ও নগরজীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন, নৌস্টেশন ও ঘাট নির্মাণ এবং সড়ক যোগাযোগের সঙ্গে নৌপথের সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীদূষণ নিয়ন্ত্রণ, নৌপথের নাব্যতা উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর পথ সুগম হবে। এতে যাতায়াতের বিকল্প সুযোগ সৃষ্টির পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।


চার নদীর তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের মহাপরিকল্পনা

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, নদীর সীমানা সংরক্ষণ, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের প্রথম ধাপে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ৫২ কিলোমিটার নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৪৮ কিলোমিটার সম্পন্ন হয়েছে। এছাড়া ৭ হাজার ১০০টি সীমানা পিলার স্থাপনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ৬৩০টি স্থাপন করা হয়েছে। পাশাপাশি ১৩টি জেটি ও ৫টি ইকোপার্কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

বর্তমানে ওয়াকওয়ে, সীমানা পিলার, তীররক্ষা বাঁধ, ড্রেন, বসার বেঞ্চ, পায়ে হাঁটার সেতু ও ঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।

নদীকে ঘিরে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার প্রত্যয়

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো প্রাণ ফিরে পাবে। নদীর তীর হয়ে উঠবে নগরবাসীর হাঁটাচলা, শরীরচর্চা, বিনোদন ও পর্যটনের আকর্ষণীয় স্থান। একই সঙ্গে নদী সংরক্ষণ ও নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে রাজধানীকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আতাউর রহমান খান, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জনাব মুহিদুল ইসলাম।

এ সময় বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন, গ্রেড-২; সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব জনাব মোঃ সাজেদুর রহমান; সদস্য (প্রকৌশল) জনাব রকিবুল ইসলাম তালুকদারসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএর এ উদ্যোগ নদী সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন ও জনবান্ধব নগরায়ণের পাশাপাশি ঢাকার চারপাশে টেকসই নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝