গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবের পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে এসে শ্রমিক নিহত হওয়ার গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।
আরএন