ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই। প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামে।
মারা যাওয়া দুই ভাই হলেন হাকিম তালুকদার (৬৫) ও তাঁর সৎ ভাই আজিজ তালুকদার (৭০)।
পরিবারের সদস্য ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাকিম তালুকদার। শুক্রবার জুমার নামাজের পর তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। এর কিছুক্ষণ পরই মারা যান তাঁর বড় ভাই আজিজ তালুকদার। স্বজনেরা জানান, তিনিও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁদের বড় ছেলে নুরুল হক তালুকদার।
স্বজনেরা আরও জানান, ছোট ভাইয়ের মৃত্যুর আগে দুই ভাই একসঙ্গে বসে কান্নাকাটি করেন। এ সময় তাঁরা পরস্পরের কাছে ক্ষমা চান। বড় ভাই আজিজ তালুকদার আগে থেকেই অসুস্থ ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
জীবনের শেষ সময়ে দুই ভাইয়ের সেই আবেগঘন মুহূর্ত এবং অল্প সময়ের ব্যবধানে তাঁদের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য ও এলাকাবাসী।