যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচে প্রাসাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্সি জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ইতি টানা, সংলাপের ভিত্তি স্থাপন করা এবং সর্বোপরি শান্তি অর্জনে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’
এরদোয়ানের কার্যালয় আরও জানিয়েছে, এই চুক্তি ‘তুরস্ক ও কাতারের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে’। তবে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলাবার্দা বলেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উপসাগরীয় দেশগুলো ‘যুদ্ধের প্রভাব অনুভব করছে এবং কেউ নিজেদের নিরাপদ মনে করছে না’।
আলাবার্দা আরও বলেন, ‘কাতার বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া তাদের নিরাপত্তা নিশ্চয়তা সঠিকভাবে কাজ করছে না। কাতারে থাকা তুর্কি সৈন্যরা খুবই গুরুত্বপূর্ণ। অদূর ভবিষ্যতে কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে তুর্কি অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হতে পারে, যা তুরস্কের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই চুক্তি এ ধরনের অন্যান্য সামরিক চুক্তি এগিয়ে নিতে সহায়তা করবে।’
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একের পর এক চুক্তি করছে। এর মধ্যে সৌদি আরব ও পাকিস্তান এবং কুয়েত ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘ন্যাটো স্টাইলের’ ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিও’ কার্যকর হয়েছে।