কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অবৈধভাবে ট্রলিং করে মাছ ধরার অভিযোগে ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় দুটি আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ থেকে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাছ ধরারত দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোট দুটিতে থাকা ৩৮ জেলেকেও আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, জব্দ করা বোট, জাল ও মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটক জেলেদের থানায় হস্তান্তরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএস