ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিসেম্বর জুরে মাঠে থাকতে চায় বিএনপি, নতুন কর্মসূচি আসছে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৫:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনৈতিক অঙ্গন। এই সময়ে যেকোনও নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলা করতে চায় ক্ষমতাসীন দল বিএনপি। এ ক্ষেত্রে ডিসেম্বর ঘিরে নেতাকর্মীদের ব্যস্ত রাখতে চায় দলটি। এ জন্য, সভা-সমাবেশ ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শিগগিরই কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

দলের বাইরে যুগপতের সঙ্গীদেরও মাঠে নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সস্প্রতি জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নির্বাচনি এলাকায় দলীয় এমপিদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দলের একটি সূত্র জানিয়েছে, দেশের অবস্থা স্থিতিশীল রাখতে এবং নাশকতা ঠেকাতে প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকেও পাশে পাওয়ার চেষ্টা করবে বিএনপি। তারপরও অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেবে না দলটি।

প্রশাসন থাকবে হার্ডলাইনে, মাঠে থাকবে বিএনপি

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনও তৎপরতা নিয়ন্ত্রণে হার্ডলাইনে থাকবে প্রশাসন। এরই মধ্যে পাড়া মহল্লায় নাশকতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছে বিএনপি। প্রয়োজনে রাজনৈতিকভাবেও অপশক্তিকে মোকাবিলা করবে দলটি।

গত ১২ নভেম্বর রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলে জনগণ তা প্রতিরোধ করবে। তিনি বলেন, জনসমর্থনহীন কোনও ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনও টিকে থাকতে পারে না।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সংসদীয় দলের সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য?

নাম না প্রকাশ করার শর্তে সরকার ও বিরোধী দলের একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবেই দেখছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন না। বরং এ ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠ গরম ও দলকে চাঙা রাখার চেষ্টা করছে। তবে বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিতে চায় না বিএনপি। এ পরিস্থিতিতে নাশকতা মোকাবিলায় প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলোকেও পাশে পাওয়ার চেষ্টা করা হবে।

বুধবার (১০ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তবে তিনি এও বলেন, সরকার যদি ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দমনে ব্যর্থ হয়, তবে বিরোধী দল বসে থাকবে না। তারা তাদের অবস্থান অনুযায়ী কাজ করবেন।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনও অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।

এ ক্ষেত্রে বিরোধী দলকে পাশে চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদেরও তো দায়িত্ব রয়েছে।’

ডিসেম্বর ঘিরে থাকতে পারে যেসব কর্মসূচি

বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জানান, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গত ৯ নভেম্বর নয়াপল্টনে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর জুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভা, পাড়া-মহল্লায় আন্দোলন, শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে অচিরেই দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝