রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি কাতল ও দুটি চিতল মাছ। পরে উন্মুক্ত নিলাম ও পুনরায় বিক্রির মাধ্যমে মাছ তিনটির দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। এ সময় মন্টু হালদারের জালে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং মিঠু হালদারের জালে মোট ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ ধরা পড়ে।
পরে সকাল ১০টার দিকে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা। দীর্ঘদিন পর এত বড় আকৃতির মাছ দেখতে পেয়ে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
আড়তে উন্মুক্ত নিলামে মাছগুলো কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। তিনি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে কাতল মাছটি ৫৮ হাজার ৫১৫ টাকায় এবং প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে দুটি চিতল মাছ ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন। সব মিলিয়ে মাছ তিনটির ক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকা।
পরে অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন সম্রাট শাহজাহান। একপর্যায়ে ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন তিনি। প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে কাতল মাছটি ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং প্রতি কেজি ৪ হাজার টাকা দরে দুটি চিতল মাছ ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।
সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার সকাল ১০টার দিকে আড়তের নিলামে অংশ নিয়ে মাছগুলো কেনেন তিনি। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন।
তিনি আরও বলেন, বর্তমানে পদ্মার বড় আকৃতির মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতাদের কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি জেলে ও ব্যবসায়ীরাও ভালো দাম পাচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।
তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের ফলে ইলিশের পাশাপাশি চিতল, কাতল, বোয়াল, রুই ও পাঙাশসহ অন্যান্য প্রজাতির মাছও বড় হওয়ার সুযোগ পাচ্ছে।
এসএস