ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপি নেতার মামলায় সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে উল্টো চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন চার সাংবাদিক। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার সাংবাদিকরা হলেন এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

এ ঘটনায় শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী একজন বিএনপি নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

গ্রেপ্তার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সন্ধ্যায় তাঁরা দেওবাড়ী বাজারে নজরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ স্থানীয়ভাবে মীমাংসার খবর সংগ্রহ করতে যান। তাঁদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় মাতবরদের সহযোগিতায় ওই অভিযোগ ২ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করা হয়। এর মধ্যে ২ লাখ টাকা ওই নারীকে এবং ৮০ হাজার টাকা মাতবররা নেন বলে তাঁরা দাবি করেন।

সাংবাদিকদের দাবি, এ সময় স্থানীয় এক মাতবর তাঁদের পাশের একটি বাড়িতে কয়েকজনের মাদক সেবনের তথ্য দেন। পরে তাঁরা ওই বাড়িতে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন।

এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন বলে সাংবাদিকদের অভিযোগ। পরে জাহিদ তাঁদের বাজারে নিয়ে যান এবং ২০০ থেকে ৩০০ লোক জড়ো করে তাঁদের আটকে রেখে হেনস্তার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, থানায় নেওয়ার পর তাঁদের বিষয়ে একাধিক দফায় আলোচনা হয়। পরদিন সকালে বিএনপি নেতা ফজলুর রহমান ফজলু তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তবে মামলায় মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি বলে তাঁদের দাবি।

আদালতে নেওয়ার সময় সাংবাদিক আব্দুর রাজ্জাক সুজন অভিযোগ করেন, মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁদের ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। তাঁরা রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে লোক জড়ো করে তাঁদের ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, তাঁদের এক সহকারীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়। তবে ইয়াবার পরিমাণ এবং এ বিষয়ে পুলিশের বক্তব্য নিশ্চিত হওয়া যায়নি।

মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়নি কেন এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি তিনি।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে মামলা হয়েছে। তবে যাঁর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

এদিকে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝