দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ম্যাচে ফেরার পর জয়ের আশাও জেগেছিল কার্লো আনচেলত্তির দলের। তবে শেষ মুহূর্তের গোলে সেই আশা ভেঙে দিয়েছে জাপান। শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান।
ম্যাচের ১৫ মিনিটে তাকেফুসা কুবোর গোলে এগিয়ে যায় জাপান। চার মিনিট পর কেইতো নাকামুরার গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। দুই গোলে পিছিয়ে পড়ে চাপে পড়া ব্রাজিলকে ম্যাচে ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ৩৩ মিনিটে ব্রুনো গুইমারেসের পাস থেকে গোল করে ব্যবধান কমান তিনি।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে ৭৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান ভিনিসিয়ুস। তার দুর্দান্ত শটে ২-২ সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের বাকি সময়ে জয়ের জন্যও চেষ্টা চালায় আনচেলত্তির দল।
তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে জাপানের হয়ে জয়সূচক গোল করেন বদলি খেলোয়াড় তাতসুহিরো সাকামোতো। তার গোলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় জাপানের। এর মধ্য দিয়ে বিশ্বকাপে ব্রাজিলের কাছে হারের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের স্বাদ পেল জাপান।
জাপানের শেষ গোলটি নিয়ে আপত্তি জানান ব্রাজিলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। গোলের আগে জোয়াও গোমেসের ওপর ফাউলের অভিযোগ তুলে প্রতিবাদ করেন কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়া। এ ঘটনায় দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
এসএস