ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে ৯০ একর খাসজমি লিজ নেয়ার চেষ্টা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:২২ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে ৯০ একর খাসজমি লিজ নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের এক জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯০ একর খাসজমি এক বছরের জন্য লিজ দেওয়ার একটি কথিত আদেশকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। উপজেলা ভূমি অফিসে অভিযোগ আসে, চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের নেতা সাইফুল ইসলাম সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে ওই জমি লিজ নেওয়ার একটি আদেশপত্র তৈরি করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সাইফুল ইসলাম উপজেলা ভূমি অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করে থানায় নিয়ে যান। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন। সাইফুল ইসলামের দাবি, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

পরে পুলিশ স্থানীয় জামায়াত নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেয়।

এদিকে সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে ৯০ একর খাসজমি লিজ নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চরাঞ্চলের খাসজমি লিজ দেওয়ার অনিয়ম চলছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি প্রকৃত কৃষকরা খাসজমি লিজ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগ রয়েছে, ভূমি অফিস থেকে বিভিন্ন ব্যক্তি ও চক্র নামে-বেনামে খাসজমি লিজ নিয়ে পরে তা তরমুজ চাষিদের কাছে হস্তান্তর বা বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, “সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের উদ্যোগ নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement