ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ৬ নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:২১ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সদস্য এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত তৎপরতায় এ প্রচেষ্টা রুখে দেওয়া হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

বিজিবি জানায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির অধীন ১১৮ নম্বর মেইন সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থানরত ছয় ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। ভারতীয় ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় তাদের অবস্থান করানো হয়েছিল বলে জানা গেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মানবপাচারকারী চক্রের সহায়তায় কাটাতারবিহীন সীমান্ত এলাকা ব্যবহার করে ওই ছয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের পরিকল্পনা করা হয়েছে। তথ্য পাওয়ার পরপরই বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের সব বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং, জনসচেতনতামূলক সভা এবং তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবপাচারকারী ও দালাল চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযানও অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এমএস/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝