নাটোরের সিংড়ায় শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় উপজেলার কলম ইউনিয়নের কলম ডিগ্রি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
কলম কলেজপাড়া যুব সংঘ আয়োজিত এই ফাইনাল খেলায় পাঙ্গাশিয়া স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলম মাস্টার্স কিং দল। পরে সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে খাসি (ছাগল) ও রানার আপ দলের মাঝে প্রাইজমানি উপহার দেয়া হয়।
খেলায় উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও কলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, নাটোর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ আবু সাঈদ আল আসাদ, কলম কলেজপাড়া যুব সংঘের সভাপতি সাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।
খেলায় ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সাদ্দাম হোসেন।
এসআই/এমএ