ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলে একসঙ্গে দুই ভাইয়ের খেলার ঘটনা খুব বেশি দেখা যায়নি। এবার সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ হওয়ার অপেক্ষা। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন জুড বেলিংহামের ছোট ভাই জুব বেলিংহাম। ফলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুই ভাইকে একই সঙ্গে মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
আসন্ন ফিফা উইন্ডোতে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম। তার সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ মিডফিল্ডার জুব।
সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-২১ দল ও ডর্টমুন্ডের হয়ে নজর কেড়েছেন জুব। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। একই স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক মিডফিল্ডার জশ কিংও।
ইংল্যান্ডের হয়ে এর আগে মাত্র দু’বার দুই ভাইকে একসঙ্গে জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা গেছে। প্রথম ঘটনাটি চার্লটন ভাইদের। জ্যাক ও ববি চার্লটন পাঁচ বছর একসঙ্গে ইংল্যান্ডের হয়ে খেলেছেন।
এরপর ২৬ বছরের বিরতি। দ্বিতীয়বার এই নজির গড়েন ফিল ও গ্যারি নেভিল। দুই ভাই ১১ বছর একসঙ্গে ইংল্যান্ডের জাতীয় দলে খেলেছেন।
এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন জুড ও জুব বেলিংহাম। আসন্ন দুই ম্যাচের যেকোনও একটিতে একসঙ্গে মাঠে নামলেই ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয়বারের মতো দুই ভাইয়ের একসঙ্গে খেলার ঘটনা ঘটবে।
এসএ