২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিদায়বার্তায় রোনালদো বলেন, ‘আমাদের জাতীয় দলের সাত নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে।’ সিদ্ধান্তটি কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, এবার সেই জার্সি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় হয়েছে।
২০০৩ সালের আগস্টে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ২৩৪ ম্যাচ খেলে রেকর্ড ১৪৬ গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ ও গোলের সংখ্যায় পুরুষদের মধ্যে সবার ওপরে রয়েছেন এই তারকা।
পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুবার উয়েফা নেশন্স লিগ জিতেছেন রোনালদো। বিদায়বার্তায় সমর্থকদের ভালোবাসা, স্মরণীয় জয় ও হতাশার মুহূর্তগুলোর কথাও তুলে ধরেছেন তিনি।
জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন গত সেপ্টেম্বরে ওয়েলসের বিপক্ষে। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।
আরএন