বৃহস্পতিবার দিনভর নাটকের পর অবশেষে মিলেছে সুখবর। রাতে বৈঠক শেষে জানা গেছে, বিপিএল আবার শুরু হচ্ছে শুক্রবার (১৬ জানুয়ারি)। গতকাল যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি, সেগুলো অনুষ্ঠিত হবে আজ ১৬ জানুয়ারি। রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
কোয়াব সদস্যদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে বিপিএল পুনরায় শুরুর বিষয়ে বিস্তারিত জানান বিপিএলের সদস্যসচিব মিঠু। তিনি বলেন, ১৫ জানুয়ারির দুটি ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুটি ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুটি ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির ম্যাচ দেখতে পারবেন।
প্লে-অফের সূচি অপরিবর্তিত থাকবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স; ১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস; ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে।
এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের জেরে বৃহস্পতিবার বিপিএল বয়কট করেন ক্রিকেটাররা। পরবর্তীতে বিসিবি বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরে রাতে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত বিপিএল মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরএন