শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বোরো আবাদে ব্যবহৃত ছিঁড়ে পড়া সেচলাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গরু বাঁচাতে গিয়ে মো. হাছান আলী (৫০) নামে এক কৃষক আহত হন। পরে আহত হাছান আলীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার বৃদ্ধা মা হাওয়া বেগম (৭০)। একই ঘটনায় ওই গরুটিও মারা যায়।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদে ব্যবহৃত সেচলাইনটি ঝড়ের তাণ্ডবে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে মাঠে চড়তে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে পড়ে। পরে তা দেখতে পেয়ে হাছান আলী গরুটিকে বাঁচাতে গেলে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সময়ে তাকে বাঁচাতে গিয়ে তার মা হাওয়া বেগম এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওমর আলী ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/আরএন