নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় সোমবার (১ জুন) আজমেরী ওসমানের অনুসারী নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী জানান, সকাল ৬টার দিকে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় ১৫-২০ জনের একটি দল নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। এ সময় একটি ইজিবাইকে এনসিপির মহানগরের চারজন সদস্য সেখানে অবস্থান করছিলেন। তারা মিছিলটি দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া দেন। সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা পালিয়ে যায়।
পরে ব্যানার দেখে তারা বুঝতে পারেন, মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগের কর্মী।
ঘটনার পর কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মহানগর এনসিপির এই নেতা।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, “আমার কাছে বিষয়টি জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে আমাদের কেউ কিছু অবগত করেনি।”
এসএস/আরএন