মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বেই দেশের মানুষ গণতন্ত্রকে লালন ও প্রতিষ্ঠিত করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁর আন্দোলনের মধ্য দিয়েই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন—গণতন্ত্রকামী প্রতিটি আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে।
তিনি বলেন, যতবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে কেউ ফ্যাসিবাদী বা স্বৈরাচারী বলতে পারে না। কারণ বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদের পতন হয়েছে এবং গণতন্ত্রের বিজয় হয়েছে।
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ এবং স্কুল শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি কখনো জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়নি। জনগণের স্বার্থ রক্ষা করেই দলটি পথ চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করছেন। তাঁর দাবি, বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই যেন গণতন্ত্রবিরোধী শক্তি আবার ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী ইমাম তপন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
-টিএস/জেবি