স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, “সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন। সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এলাকাগুলোতে কার কী অবস্থা, সে বিষয়ে খোঁজ নিচ্ছেন। আমরাও রিপোর্ট পাঠাব। এরপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী যাকে চূড়ান্ত করবেন, তাঁর পেছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “অনেকে মিছিল-মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন; কিন্তু নির্বাচনে বিজয়ী হতে পারবেন না। তাঁকে আমরা মনোনয়ন দেব না। মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে—মানুষ যাকে ভোট দেবে, তাঁকেই মনোনয়ন দেওয়া হবে। আর ত্যাগীদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।”
মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা থেকে জেলা ছুটে বেড়াচ্ছি। প্রত্যেকটি জেলার তিন থেকে চারটি হাসপাতাল পরিদর্শন করেছি। আমি গেলে ডাক্তারদের শতভাগ উপস্থিতি পাচ্ছি, ছারপোকার সমস্যা সমাধান হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি পাচ্ছে। পরিদর্শনের ফলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হচ্ছে। আগামী এক বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হবে।”
মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আ. সামাদ আকন্দ বকুল, সদস্যসচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর রাকিব, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে র্যালি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
এইচআর/আরএন