ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লিভার ক্যানসারে আক্রান্ত কলেজছাত্রী ইতি বাঁচতে চায়
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম আপডেট: ০১.০৬.২০২৬ ৯:৫৭ পিএম
X

‘আমি বাঁচতে চাই। পৃথিবীটা আরও একটু দেখতে চাই। আমার পরিবারকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে চাই না।’ হৃদয়স্পর্শী এই আর্তনাদ বাগেরহাটের শরণখোলার মেধাবী কলেজছাত্রী ইসমত আরা ইতি’র। যে বয়সে বন্ধুদের সঙ্গে ক্লাস, বই-খাতা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে মরণব্যাধি লিভার ক্যানসারের সঙ্গে।

শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা আলমগীর তালুকদারের মেয়ে ইতি। তিনি শরণখোলা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় চার মাস ধরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রতিদিন মৃত্যুভয় আর অনিশ্চয়তার মধ্যেই কাটছে তার সময়।

পরিবার সূত্রে জানা গেছে, ইতিকে বাঁচাতে জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। চিকিৎসকরা আগামী ১৩ জুন অপারেশনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন। তবে প্রথম ধাপেই প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা, যা সংগ্রহ করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ইতি লিখেছেন, ‘প্রতিদিনই ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছাশক্তি এখনো হারাইনি। আমি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

ইতির বাবা আলমগীর তালুকদার বলেন, “মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে ধারদেনা করে সর্বস্ব খরচ করেছি। এখন লিভার ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা ছাড়া মেয়েকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।”

স্থানীয়রা জানান, ইতি অত্যন্ত মেধাবী, ভদ্র ও সবার প্রিয় একজন শিক্ষার্থী। তার অসুস্থতার খবরে এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী ইতির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ইতির বড় বোন সুমাইয়া সুখী, যিনি খুলনা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বোনটা বাঁচতে চায়। ও এখনো স্বপ্ন দেখে সুস্থ হয়ে আবার কলেজে যাবে। কিন্তু টাকার অভাবে যদি চিকিৎসা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তাকে হারিয়ে ফেলব। আমরা সবার দোয়া ও সহযোগিতা চাই।”

ইতির সহপাঠী মিজানুর রহমান জানান, বন্ধুর জীবন বাঁচাতে তারা নিজেরাই অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে কিছু অর্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন মানুষের কাছে গিয়ে সহযোগিতা চাওয়া হচ্ছে। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইতি আবার সুস্থ হয়ে বন্ধুদের মাঝে ফিরে আসবে।

একটি স্বপ্নময় জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এই তরুণীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবার ও স্বজনরা। সামান্য সহযোগিতাও ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ, বাঁচাতে পারে একটি পরিবারের শেষ আশা।

সহায়তা পাঠানোর ঠিকানা

বিকাশ: ০১৭২২৪৯৮৫৯৬
নগদ: ০১৭৯৭৩৭২৭৮৬

ব্যাংক হিসাব:

অ্যাকাউন্ট নাম: মোঃ আলমগীর তালুকদার
অ্যাকাউন্ট নম্বর: ২৯১৩২০১০২৮০২২

ব্যাংক নাম: সোনালী ব্যাংক পিএলসি
শাখা নাম: রাজেন্দ্র বাজার শাখা, বাগেরহাট

রাউটিং নম্বর: ২০০০১১২৪৪

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝