চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির এক নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মো. শুক্কুর আলী উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রোববার জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দীনের সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়াসহ চাঁদাবাজি এবং সরকারি সম্পত্তি অবৈধভাবে ব্যবহারের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজি, পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে।
তবে শুক্কুর আলী বলেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে পুলিশ পরিদর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। দল তাকে বহিষ্কার করেছে, এ বিষয়ে তিনি আর কিছু বলতে চান না।
হাসান মাহমুদ রিপন/এফএস