গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার চাইনিজ চেয়ারম্যানের গাড়ি থেকে শ্রমিকদের বেতনসহ কারখানার খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজেন্দ্রপুরের ল্যাভেন্ডার ফ্যাশন কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে গাড়ি থামান কারখানাটির চেয়ারম্যান। এ সময় ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান গাড়িতে থাকা ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে মালিককে একটি খুদে বার্তা পাঠিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ ছায়া তদন্ত শুরু করে। পরে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জাহিদ হাসানকে ঝিনাইদহ সদর থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া তার সহযোগী মো. আক্তারুজ্জামানকে আটক করে ১ লাখ ৩ হাজার টাকা এবং আক্তারুজ্জামানের স্ত্রী নাসিমা আক্তারকে টঙ্গী থেকে আটক করে আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ বাসা ভাড়া, আসবাবপত্র ও নতুন মোবাইল ফোন কেনাসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন। অভিযানে চোরাই টাকায় কেনা এসব মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষিত রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে। দ্রুত অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।
আটক ব্যক্তিদের উদ্ধার করা টাকা ও মালামালসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নূরুল আমীন সিকদার /এফএস