লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বাফা গোডাউনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন কৃষকরা।
জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাহফুজ সাজু/এফএস