টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই বন্ধু কলেজ ছাত্র আবু রাহাত ও আবু সোহান। তাদের সততা ও মানবিকতায় প্রশংসা করছেন স্থানীয়রা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভুক্তভোগী আজিজুলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেন তারা।
জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পলাশতলী এলাকায় ঘুরতে যাওয়ার পথে বড়চওনা কালিহাতী সড়কে টাকাগুলো পড়ে থাকতে দেখেন তারা। পরে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে উদ্যোগ নেন দুই বন্ধু। এ জন্য স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টাকার মালিকের সন্ধান করা হয়। অন্যদিকে, টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন এর মালিক আজিজুল। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) পদে চাকরি করেন। টাকা হারানোর পর কালিহাতী ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সন্ধান শুরু করেন তিনি। একপর্যায়ে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে টাকার প্রকৃত মালিক হিসেবে আজিজুলকে শনাক্ত করা হয়। তার বাড়ি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে।
পরবর্তীতে রোববার দুপুরে মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আজিজুলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেন রাহাত ও সোহান।হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে আজিজুল বলেন, টাকা হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমি টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। টাকা ফেরত পেয়ে আমি খুবই আনন্দিত।
শিক্ষার্থীদের সততা দেখে আমরা মুগ্ধ।এদিকে টাকার প্রতি লোভ না করে প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফিরিয়ে দেওয়ায় দুই বন্ধুর প্রশংসা করছেন স্থানীয়রা।
টিআই