সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আজিজুল প্রামাণিক (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নরিনা আঞ্চলিক সড়কের নরিনা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল প্রামাণিক নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে নরিনা বালু পয়েন্ট থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিকে যাচ্ছিল। পথে নরিনা মধ্যপাড়া এলাকায় ট্রাকটি পেছন থেকে সিমেন্টবোঝাই একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান চালক আজিজুল গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসবি / এফএস