লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে এক বৃদ্ধ ও তার নাতি-নাতনি পানিতে ডুবে মারা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়দের ধারণা, পানিতে নামার পর আবু সিদ্দিক স্ট্রোক করে ডুবে যান। তাকে বাঁচাতে গিয়ে পিয়াস ও পপিও পানিতে ডুবে মারা যায়।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর দীর্ঘক্ষণ উঠে না আসায় পিয়াস ও পপি তাকে খুঁজতে পানিতে নামে। পরে তারাও নিখোঁজ হয়। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করেন।
শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজীব হোসেন রাজু/এফএস