ফেনীতে ইয়াবা ও অস্ত্রসহ রমজান আলী (৩৫) নামে এক যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে এ ঘটনা ঘটে।
রমজান আলী ওই গ্রামের জমিদার বাড়ির অলি আহমদের ছেলে। তিনি শর্শদী ইউনিয়ন যুবদলের সমন্বয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
স্থানীয়দের দাবি, রমজান আলী টমটম ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন। শনিবার রাতে তার স্ত্রীর অনুরোধে স্থানীয়রা বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও একটি লাইটার পিস্তল পাওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করেন।
শর্শদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সরোয়ার আলম ভুঁইয়া বলেন, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার কারণে দলের বদনাম হচ্ছে। তিনি নিজে উপস্থিত থেকে তাকে পুলিশে দিয়েছেন।
ফেনী মডেল থানার এএসআই ফখর উদ্দিন রমজান আলীকে থানায় আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কতটি ইয়াবা উদ্ধার হয়েছে, তা তিনি জানাননি।
থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এফএস