সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাধ এলাকায় যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ ছাত্র শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) ভেসে ওঠা লাশ একদিন পর একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে তল্লাশি চালানোর সময় একপাশে হঠাৎ তার লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের টুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ও নারায়ণগঞ্জের সিদ্ধেরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে শাহরিয়ার নূর হোসেন জীবন।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন ও বেলকুচি ফায়ার সার্ভিসের ইনচার্জ শহিদুর রহমান ও নিহতের স্বজনেরা জানান, সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলের সাথে আরো ৪জন বন্ধু মিলে জিসান রবিবার দুপুর আড়াইটার দিকে এনায়েতপুর স্পার বাধে বেড়াতে আসে। এরপর আঁচল ব্যতীত ৪ বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে নামেন। হঠাৎ করে জিসান তলিয়ে গেলে তারা উদ্ধার করতে সক্ষম হয়নি। এরপর সন্ধ্যার দিকে রাজশাহী থেকে ৫ সদস্যের একটি ডুবরি দল রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে বিরতি দিয়ে সোমবার সকালে পুনরায় উদ্ধারে নামেন। এরপর পাশেই ডুবে থাকা লাশ হঠাৎ ভেসে ওঠলে তা উদ্ধার করা হয়। তখন লাশ দেখতে নদী পারে অগণিত মানুষ ভিড় জমায়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এসএ