পরিবেশ অনুকূলে না থাকায় ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা গোপালগঞ্জের পরিবর্তে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ জন্য জেলার পাঁচটি উপজেলার পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, গোপালগঞ্জের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষা মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র এবং উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সদর উপজেলার কেন্দ্র কোড ৭৭৪-এর অধীন গোপালগঞ্জ সরকারি কলেজের (কোড ৬৭৫০) পরীক্ষা রাজৈর সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে (কোড ৫৬৩০) অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটিকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার উপকেন্দ্র-১ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
কাশিয়ানী উপজেলার কেন্দ্র কোড ৭৭৫-এর অধীন রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের (কোড ৬৮৫০) পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে (কোড ৬৮৫১)। প্রতিষ্ঠানটি কেন্দ্র ক্রমিক ৫৯, কেন্দ্র কোড ৭৫৯ এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার উপকেন্দ্র-২ হিসেবে নির্ধারিত হয়েছে।
এ ছাড়া, কোটালীপাড়া উপজেলার কেন্দ্র কোড ৭৭৭-এর অধীন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের (কোড ৬৮২৫) পরীক্ষা রাজৈর সরকারি কলেজে (কোড ৫৬০০) অনুষ্ঠিত হবে। কেন্দ্রটির ক্রমিক ৬১ এবং কোড ৭৬১ নির্ধারণ করা হয়েছে।
টুঙ্গীপাড়া উপজেলার কেন্দ্র কোড ৭৭৬-এর অধীন টুঙ্গীপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের (কোড ৬৭৫৯) পরীক্ষার্থীরা রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (কোড ৫৫০৪) পরীক্ষা দেবে। প্রতিষ্ঠানটিকে উপকেন্দ্র-৪ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, মুকসুদপুর উপজেলার কেন্দ্র কোড ৭৭৮-এর অধীন মুকসুদপুর সরকারি কলেজের (কোড ৬৯০০) পরীক্ষাকেন্দ্রও পরিবর্তন করে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
বোর্ড চেয়ারম্যানের আদেশে জারি করা এ সিদ্ধান্তের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এসএস