গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ভারত চিঠির জবাব দেবে বলে বাংলাদেশ আশা করছে। কারণ, গঙ্গা চুক্তি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
শামা ওবায়েদ বলেন, গঙ্গা চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতা প্রয়োজন। বাংলাদেশ এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে বলে জানান তিনি।
বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার উদ্যোগ হিসেবে ভারতকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি গত ১৭ নভেম্বর ভারতের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। এর আগে জুন ও আগস্টেও বাংলাদেশ ভারতের কাছে আলোচনার জন্য চিঠি পাঠিয়েছিল। তবে এসব চিঠির কোনো জবাব পাওয়া যায়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটিও গঠন করেছে।
এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে জানিয়েছেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিসংক্রান্ত বিষয় যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে আলোচনা করা হবে। এ বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও অব্যাহত রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
এসএস