আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ।
সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার নির্দেশও দেন আইজিপি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যুর মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর নির্দেশনা দেন।
সভায় গত অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
-টিএস