দেশ আবারও সংকটের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টসশিল্প বন্ধ হয়ে যাচ্ছে। এই শিল্প বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তরের ষড়যন্ত্র চলছে। দেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বরকত উল্লাহ বুলু বলেন, “১৭ বছর আমরা হাসিনার ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে বিএনপি কোথাও ভুলত্রুটি করে থাকলে তা শুনে সংশোধনের উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।”
৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৩১ দফার ভিত্তিতে ৪২টি রাজনৈতিক দল একত্র হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছে। পরবর্তী সময়ে সেই আন্দোলন জুলাই-আগস্টে ভিন্ন রূপ নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তাই আন্দোলন-সংগ্রামে যারা শরিক ছিলেন, সবাইকে নিয়ে আবারও জাতীয় ঐক্য গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু ১৭ বছরেও এক দিনের জন্য আপস করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নিজের জীবন দিয়েছেন, তবে দেশের স্বার্থবিরোধী কোনো কিছুর সঙ্গে কখনো আপস করেননি। এই দুই আপসহীন দেশপ্রেমিক নেতার সন্তান তারেক রহমানও কোনো দিন আপস করবেন না। বিএনপি আপসের পথে যাবে না।
কমরেড তোহার স্মৃতিচারণা করে বরকত উল্লাহ বুলু বলেন, ভাষাসৈনিক হিসেবে তিনি ভাষা আন্দোলনকে অত্যন্ত সুসংগঠিত করেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মহাখালীর বিশাল অঞ্চলকে মুক্তাঞ্চল ঘোষণা করে সেখানে সমাজতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিয়েছিলেন। পাশাপাশি সরাসরি মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, কমরেড তোহা রামগঞ্জ থেকে উঠে এসেছেন। এই অঞ্চল থেকেই উঠে এসেছেন এনএসএফ নেতা ও ডাকসুর নির্বাচিত ছাত্রনেতা জমির আলী। পাকিস্তান আমল থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী চার খলিফার একজন আ স ম আবদুর রবও রামগঞ্জ থেকে উঠে এসেছেন। এ অঞ্চল থেকে আরও অনেক রাজনীতিবিদ উঠে এসেছেন। এ সময় নোয়াখালীর বিভিন্ন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিকে স্মরণ করেন তিনি।
নোয়াখালীর এই সংসদ সদস্য বলেন, কমরেড তোহা শুধু ভাষা আন্দোলনেই নয়, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনেও অন্যতম সংগঠক ছিলেন। ওই সময় তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে নিজের জায়গাজমি বিক্রি করে মানুষের জন্য বেড়িবাঁধ নির্মাণ করেন। ওই বেড়িবাঁধের কারণে লক্ষাধিক একর জমি রামগতির সঙ্গে যুক্ত হয়েছে। এটি এখনো ‘কমরেড তোহার বেড়িবাঁধ’ নামে পরিচিত। তবে সরকারিভাবে এখনো এর নামকরণ তাঁর নামে করা হয়নি। এ সময় বেড়িবাঁধটি কমরেড তোহার নামে নামকরণের জন্য সরকারের প্রতি দাবি জানান বরকত উল্লাহ বুলু।
বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
-টিএস