অতীতে দেশের শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন এনেছে এবং রাজনৈতিক নিয়োগের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। এর ফলে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরছেন। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।
রোববার (২৯ নভেম্বর) পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
ব্যাংকিং খাতের সংকটকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, অতীতে ব্যাংক খাতে যে বিপুল পরিমাণ দায় তৈরি হয়েছে, তা এক-দুই মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে এই সংকট কাটাতে হবে। তবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা সরকারের প্রথম লক্ষ্য।
মন্ত্রী দাবি করেন, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে; বরং আমানত আবার ব্যাংকে ফিরছে। আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে সরকার। এ ক্ষেত্রে তাঁদের ধৈর্য ধরতে হবে।
দেশের অর্থনীতি এখন পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ কারণে আগামী কিছুদিন প্রবৃদ্ধির গতি কম থাকতে পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সময় প্রবৃদ্ধি কম হওয়ার বাস্তবতা মেনে নিতে হবে। তবে সরকার সঠিক নীতিগত পথে এগোচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে কি না, সেটিই এখন বেশি গুরুত্বপূর্ণ।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি জনগণের কাছে লুকানোর কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ভুল পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে গেলে সরকারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকারের দায়িত্ব হলো সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরা, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা ব্যাখ্যা করা এবং উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানানো।
পাঁচ বছরের কৌশলপত্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার অতীতের দিকে না তাকিয়ে সামনে এগোতে চায়। এ জন্য পাঁচ বছরের একটি কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে। উন্নয়ন সহযোগীদেরও এই কাঠামোর সঙ্গে সমন্বয় করা হয়েছে। এখন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজেদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সহযোগিতায় পরিকল্পনা মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে জিডিপির হিসাব নিয়ে গবেষণা করেছে। এতে হিসাব পদ্ধতির বেশ কিছু দুর্বলতা উঠে এসেছে। এসব তথ্য জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে যাতে তথ্যের বিকৃতি না ঘটে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
-টিএস