রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রায় ৫ হাজার তরুণ-তরুণী।
আয়োজনটির দশম সংস্করণ উপলক্ষে এতে অংশ নেন বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখেরা।
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে ১২ ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) গোলাম সামদানি ডন। তিনি বলেন, ‘১০ বছর আগে একটি সহজ বিশ্বাস থেকে রাইজ অ্যাবাভ অল-এর যাত্রা শুরু হয়েছিল। সঠিক সময়ে সঠিক একটি আলোচনা একজন তরুণের জীবন বদলে দিতে পারে।’
অনুষ্ঠানে নেতৃত্ব ও প্রতিকূলতা মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন লঙ্কাবাংলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজম, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমির আলীহুসেন, এসএমসি ইএলের এমডি সায়েফ নাসির, ওয়ান ব্যাংকের এমডি মুহিত রহমান এবং সিসিআই বাংলাদেশের জেনারেল ম্যানেজার ও এমডি শাদাব আহমেদ খান।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যেতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘তরুণদের মেধায় বিনিয়োগ মানেই বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ।’
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ইয়াসির আজমান, রুবাবা দৌলা ও শেখজাদ মুনিমকে নিয়ে ‘লিডারশিপ আড্ডা’। বাংলাদেশ ও তুরস্কের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে অনুষ্ঠিত হয় ‘টার্কিশ আড্ডা’। ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমনের পাশাপাশি শুভাশিস ভৌমিক ও শৌমিক আহমেদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ইনফ্লুয়েন্সার আড্ডা’।
এ ছাড়া অভিনেতা তৌসিফ মাহবুব ও ওয়ারফেজের প্রধান কণ্ঠশিল্পী শেখ মনিরুল আলম টিপুর সঙ্গে ছিল অংশগ্রহণমূলক পর্ব। পরে বাটার সহযোগিতায় ওয়ারফেজের সরাসরি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি।
আয়োজকেরা জানান, মূল অনুষ্ঠানের আগে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৫২টিরও বেশি ক্লাবে প্রচার কার্যক্রম চালানো হয়। গত এক দশকে এ আয়োজনের মাধ্যমে ৪০ লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর দাবি করেছে আয়োজক প্রতিষ্ঠান।
মাস্টারকার্ডের উপস্থাপনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল ফিট এলিগ্যান্স। এনার্জি পার্টনার ইউনাইটেড আয়গ্যাজ, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা। কো-স্পন্সর হিসেবে ছিল ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, অপো, এসএমসি প্লাস, অ্যাকুয়া পেইন্টস ও শেলটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
-টিএস