স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করে চূড়ান্ত আইন পাস করেছে ইতালি। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিতর্কিত এই শিক্ষা সংস্কার বিল অনুমোদিত হয়।
বিলের পক্ষে ১৪২ এবং বিপক্ষে ভোট পড়ে ১১২টি। ভোটদান থেকে বিরত ছিলেন চারজন সংসদ সদস্য। এর আগে, গত ২০ নভেম্বর দেশটির সিনেটে বিলটি অনুমোদন করা হয়েছিল।
ইতালিতে নতুন এই আইনের ফলে মুসলিম ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না। পাশাপাশি, প্রথম বর্ষের ক্লাসে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর হার ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
তবে যেসব বিদেশি শিক্ষার্থী এরই মধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না। এছাড়া, বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর কথাও আইনে বলা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ডিজিটাল রূপান্তরের নিয়মাবলিও এতে যুক্ত রয়েছে।
এদিন পার্লামেন্টে চূড়ান্ত ভোটের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। তারা অধিবেশন কক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাতে লেখা ছিল, ‘স্কুলে কেউ বিদেশি নয়’।
বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার শিক্ষা খাতের মূল সমস্যা সমাধান না করে বৈষম্যমূলক আইন করছে। ফাইভ স্টার মুভমেন্টের সংসদ সদস্য আন্তোনিও কাসো বলেন, শ্রেণিকক্ষে কতজন বিদেশি শিশু রয়েছে, সেটি সমস্যা নয়। বরং সবার শিক্ষার অধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও উপকরণ দেওয়াটাই মূল বিষয়।
তিনি আরও বলেন, স্কুল ভবনের নিরাপত্তা বা শিক্ষকদের কম বেতনের মতো জরুরি সমস্যা সমাধানে এই আইনে কিছুই নেই। এটি কেবল বৈষম্য ও বর্ণবাদকে উসকে দেবে।
ডেমোক্রেটিক পার্টির শিক্ষা বিষয়ক প্রধান ইরেনে মানজি এই আইনের নিন্দা জানিয়ে বলেন, ৩০ শতাংশের সীমা ছাড়িয়ে গেলে শিক্ষার্থীদের এক স্কুল থেকে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হবে। তাদের জীবন ও পরিবেশের কথা না ভেবে পার্সেলের মতো স্থানান্তর করা হবে। এটি একটি দূরদর্শিতাহীন আইন।
বিরোধীদের সমালোচনার মুখেও আইনটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন জোট। এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেন, আজকের এই ভোট সরকারের সংস্কারমূলক কাজের প্রতি জোটের ঐক্যের একটি বড় প্রমাণ।
সূত্র: ইউরো নিউজ
টিআই