সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আজমান সমুদ্রসৈকত থেকে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, দূরের জাহাজগুলো সমুদ্রের ওপর নয়, যেন আকাশে ভেসে রয়েছে! অদ্ভুত এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ভিডিওটি ৩ কোটির বেশি বার দেখা হয়েছে। অনেকে একে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও বলে সন্দেহ করেছেন। কেউ কেউ আবার একে বাস্তবতার অস্বাভাবিক বিভ্রম হিসেবে দেখছেন।
তবে এই দৃশ্যের পেছনে রয়েছে প্রকৃতির এক বিশেষ আলোকীয় ঘটনা। এর নাম ‘সুপিরিয়র মিরাজ’ বা ঊর্ধ্ব মরীচিকা।
শনিবার (২৮ নভেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিওটি ধারণ করেছেন দুবাইভিত্তিক ২৯ বছর বয়সী ভারতীয় আলোকচিত্রী জাসিল আজিজ। গত বুধবার (২৫ নভেম্বর) সহকর্মীদের সঙ্গে কাজ শেষে আজমান সমুদ্রসৈকতে গিয়ে দূরের জাহাজগুলোকে অস্বাভাবিকভাবে ভাসতে দেখেন তিনি। প্রথমে দৃশ্যটির কারণ বুঝতে না পারলেও পরে দ্রুত মুঠোফোন বের করে ভিডিও ধারণ করেন।
জাসিল জানান, পুরো দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। সাধারণত ভিডিও ধারণ ও সম্পাদনার জন্য অনেক পরিকল্পনা করতে হয়। কিন্তু এটি ছিল সম্পূর্ণ আকস্মিক একটি ঘটনা। অথচ সেই ভিডিওই এখন তাঁর সবচেয়ে বেশি দেখা ভিডিওতে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ভূপৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা বাতাস এবং তার ওপর উষ্ণ বাতাসের স্তর তৈরি হলে বায়ুমণ্ডলে তাপমাত্রার বিপরীত বিন্যাস ঘটে। এ অবস্থায় আলোর গতিপথ বেঁকে যায়। ফলে দিগন্তের ওপারে থাকা জাহাজ বা দূরের কোনো বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিক অবস্থানের চেয়ে উঁচুতে দেখা যায়। এতে মনে হয়, জাহাজগুলো সমুদ্রের ওপর নয়, বরং আকাশে ভেসে রয়েছে।
এ ধরনের ঊর্ধ্ব মরীচিকার কারণে কখনো কখনো দিগন্তের অনেক দূরে থাকা জাহাজ, উপকূল এমনকি দ্বীপও দৃশ্যমান হতে পারে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে বাস্তবতার বিভ্রম, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ঘটনাটিকে পৃথিবী সমতল হওয়ার পক্ষে যুক্তি হিসেবেও তুলে ধরেছেন।
তবে বিজ্ঞানীদের ব্যাখ্যায়, এটি কোনো এআই কারসাজি বা অলৌকিক ঘটনা নয়; বরং বায়ুমণ্ডলে তাপমাত্রার বিশেষ বিন্যাসের কারণে সৃষ্ট প্রকৃতির একটি স্বাভাবিক আলোকীয় ঘটনা।
-টিএস