ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিকিম ভ্রমণে এবার বাড়তি খরচের ধাক্কা, ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন প্রবেশমূল্য
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কম খরচে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভারতের সিকিমে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে নতুন বছর থেকে ভ্রমণের বাজেটে যোগ হতে চলেছে বাড়তি খরচ। রাজ্যের সংবেদনশীল ও সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের ভিড় এবং যানবাহনের চাপ নিয়ন্ত্রণ করতে নতুন প্রবেশমূল্য চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিমের রাজ্য সরকার।

সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নির্দিষ্ট কিছু পর্যটনকেন্দ্র ও সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী যানবাহনকে নির্ধারিত ফি দিতে হবে। প্রশাসনের যুক্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সংরক্ষিত অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ। তবে নতুন নিয়মে পর্যটকদের ভ্রমণ খরচ অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে বাড়তি প্রবেশমূল্য কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক এবং লিংতাম এলাকায় এই নিয়ম প্রযোজ্য হবে।

অন্যদিকে, মঙ্গন টেরিটোরিয়াল ডিভিশনের ক্ষেত্রে উত্তর সিকিমের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলো এই ব্যবস্থার আওতায় আসছে। সিকিম পাবলিক সিকিউরিটি রুলস ১৯৬২ এবং সিকিম ফরেস্ট রুলস ২০০৭-এর অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র দফতর নোডাল বিভাগ হিসেবে পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের সঙ্গে সমন্বয় করে পারমিট ও ফি সংক্রান্ত ব্যবস্থা পরিচালনা করবে।

গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং এলাকা অনুযায়ী নির্ধারিত হয়েছে প্রবেশমূল্য। ১০০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে দিতে হবে ১,৫০০ রুপি, মঙ্গনে ১,২০০ রুপি। ৬ থেকে ১০ আসনের গাড়ির জন্য এই ফি যথাক্রমে ২,৫০০ ও ১,৫০০ রুপি। ১১ থেকে ১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্রাভেলারের ক্ষেত্রে দিতে হবে ৪,৫০০ ও ২,৫০০ রুপি। 

বাসের ক্ষেত্রে ১৬ থেকে ২০ আসনে ৬,৫০০ ও ৩,৫০০ রুপি, ২১ থেকে ৩০ আসনে ৭,৫০০ ও ৫,৫০০ রুপি এবং ৩০ বা তার বেশি আসনের বাসের জন্য সর্বোচ্চ ১০,০০০ ও ৭,৫০০ রুপি ধার্য করা হয়েছে। ব্যক্তিগত বাইকের প্রবেশমূল্য ৭৫০ রুপি এবং সহযাত্রীর জন্য ৩৫০ রুপি। সিকিমে রেজিস্টার্ড স্থানীয় ট্যাক্সি বাইকের ক্ষেত্রে চালকের জন্য ৩৫০ এবং সহযাত্রীর জন্য ২৫০ রুপি দিতে হবে।

তবে সবার জন্য এই নিয়ম এক নয়। বৈধ সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন (সিওআই), রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা যোগ্য স্থানীয় বাসিন্দাদের প্রবেশমূল্য থেকে ছাড় দেয়া হয়েছে। কর্তব্যরত সরকারি কর্মী, সেনাবাহিনীর সদস্য এবং তাঁদের অতিথিদের ক্ষেত্রেও নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা রয়েছে।

উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে হোমস্টেতে থাকা বা দর্শনীয় স্থান ঘুরতে যাওয়া পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে, তবে তাদের কোনও পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। সাধারণ গেস্ট হাউস, অনুমোদিত সরকারি গেস্ট হাউস এবং সরকারি সফরের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ফি মকুব থাকবে। 

পাশাপাশি ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্টার্ড মালিকের নামে পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে নির্ধারিত পারমিট ও ফি সাপেক্ষে প্রবেশ করতে হবে। তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পরিবহন চুক্তির আওতায় চলা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। গ্রাম পঞ্চায়েত বা অন্য কোনও সংস্থা অতিরিক্ত প্রবেশমূল্য আদায় করতে পারবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ রক্ষার পদক্ষেপ হিসেবে দেখলেও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত একাংশের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামীর মতে, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত ভিড় কমাতে এই উদ্যোগ কার্যকর হতে পারে। অন্যদিকে, সিআইআই-এর পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যালের আশঙ্কা, বাড়তি ফি শেষ পর্যন্ত পর্যটকদের পকেট থেকেই আদায় করা হবে। 

তার বক্তব্য, সংশ্লিষ্ট এলাকাগুলোতে মূলত সিকিমের গাড়ি চলাচল করে। ফলে নতুন খরচ পর্যটকদের উপরই চাপবে। এর প্রভাব সিকিম-দার্জিলিং পর্যটন সার্কিটেও পড়তে পারে। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাঁর মতে, বাড়তি খরচের কারণে সাধারণ পর্যটকদের বাজেট বাড়বে।

হলদিবাড়ির পর্যটক মুন্না হাজরার কথাতেও উঠে এসেছে মধ্যবিত্ত ভ্রমণকারীদের উদ্বেগ। পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, খরচ বেড়ে গেলে অনেকে সিকিমের বদলে দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের মতো বিকল্প গন্তব্য বেছে নিতে পারেন। তাতে সিকিমের হোটেল, গাড়ি এবং স্থানীয় ব্যবসার উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সিকিম সরকারকে চিঠি দেয়ার কথাও জানিয়েছেন সম্রাট সান্যাল। এখন দেখার, নতুন বছরের আগে এই প্রবেশমূল্য নিয়ে পর্যটন মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সিকিম সরকার কোনও পরিবর্তনের পথে হাঁটে কি না।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝