ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম লেখা নিষিদ্ধ, পরিচয়ে ব্যবহৃত হচ্ছে ‘বিবি’ ও ‘গরু’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম উল্লেখ নিষিদ্ধ করেছে তালেবান। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের স্বাস্থ্যসংক্রান্ত নথিতেও নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে নারীদের পরিচয় দিতে কোথাও ‘বিবি’, কোথাও ‘ছাগল’ বা ‘গরু’ শব্দ ব্যবহার করা হচ্ছে।

এল পাইসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন করতেও নিষেধ করা হয়েছে। আফগান সমাজে ‘বিবি’ শব্দটি সাধারণত দাদি বা বয়স্ক নারীকে বোঝাতে ব্যবহৃত হয়। আফগান অধিকারকর্মী লালা ওসমানি এই চর্চাকে নারীদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।

এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে ওসমানি বলেন, ‘একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া।’

এই নিষেধাজ্ঞার কারণে স্বাস্থ্যসেবা খাতেও গুরুতর জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একাধিক নারীর ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যসংক্রান্ত নথিতে একই ধরনের পরিচয় ব্যবহার করা হলে রোগী শনাক্তে বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে ভুল চিকিৎসা কিংবা ভুল ওষুধ দেওয়ার ঝুঁকিও বাড়বে।

সন্তানের জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ (আমার নাম কোথায়) প্রচারাভিযান শুরু করেছিলেন লালা ওসমানি। তাঁর উদ্যোগের ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়। তবে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন, বালখ প্রদেশে জারি করা এই নির্দেশনা একসময় পুরো দেশেও ছড়িয়ে পড়তে পারে। তাঁর মতে, তালেবান এর আগেও বিভিন্ন অঞ্চলে বিধিনিষেধ আরোপ করে পরবর্তী সময়ে তা দেশজুড়ে কার্যকর করেছে।

আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতাও নারীদের পরিচয়সংকটের বিষয়টি সামনে এনেছে। বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটানো এই সাংবাদিক সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ, সন্তানদের জন্মসনদে তাঁকে মা হিসেবে শনাক্ত করার মতো কোনো তথ্য ছিল না।

ওসমানির ভাষায়, ‘আফগানিস্তানে কোনো নারীকে তাঁর প্রকৃত নামে ডাকাও এখন এক ধরনের প্রতিরোধ।’

এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ আফগান নারীদের ব্যক্তিগত পরিচয় প্রতিষ্ঠা, অধিকার আদায় এবং জরুরি স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে। নারীদের নাম ও পরিচয় মুছে ফেলার এই চর্চা দেশটিতে তাঁদের অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: এল পাইস

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝