ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকার বাজারে শীতের সবজিতে স্বস্তির আভাস, কমেছে কয়েকটি পণ্যের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১২:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কয়েকটি সবজির দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে বেগুন, শসা ও কাঁচামরিচের দামে গত মাসের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে সবজির বাজারে পুরোপুরি স্বস্তি ফেরেনি। কিছু পণ্যের দাম এখনো বেশি থাকায় ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৬ নভেম্বর পর্যন্ত পাওয়া বাজারদরের তথ্য অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে বেগুনের গড় দাম ১৯ দশমিক ৫ শতাংশ এবং শসার দাম ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম, প্রায় ২৮ দশমিক ৯ শতাংশ।

টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ১১০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা কেজি।

তবে বাজারভেদে দামের পার্থক্য রয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পাওয়া তথ্যে দেখা যায়, মোহাম্মদপুরের টাউন হল বাজার, কারওয়ান বাজার ও হাতিরপুলের খুচরা দোকানগুলোতে বেগুন ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১৩০ থেকে ২০০ টাকা এবং শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকা এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে চাল, ডাল ও তেলের দামে বড় পরিবর্তন নেই। মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা, সরু চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় দানার মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৯০ থেকে ১৯৬ টাকা লিটার।

মাছ-মাংসের বাজারেও রয়েছে বাড়তি খরচ। গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪২ থেকে ৪৫ টাকা।

বাজার সংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে আগামী দিনে কয়েকটি পণ্যের দাম আরও কমতে পারে। তবে উৎপাদনস্থল থেকে রাজধানীর বাজার পর্যন্ত পরিবহন ব্যয়, মধ্যস্বত্বভোগী এবং বাজার ব্যবস্থাপনার কারণে খুচরা পর্যায়ে দামের ব্যবধান রয়ে যাচ্ছে।

সব মিলিয়ে ঢাকার বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছু পণ্যে স্বস্তির আভাস মিললেও নিত্যপণ্যের সামগ্রিক ব্যয় এখনো সাধারণ ক্রেতাদের জন্য বড় চাপ হয়ে রয়েছে।

 এফএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝