আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআই তেলের লেনদেন নিষ্পত্তি হচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশ বৃদ্ধি পায়।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করার পর বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা মাইনে অন্তত দুটি জাহাজ আঘাতপ্রাপ্ত হওয়ার খবর পাওয়া যায়।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে নিরাপত্তাঝুঁকির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
এফএস