বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে ইনজুরি সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের দল থেকেই ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোটজিয়া। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তরুণ পেসার কোয়েনা মাফাকাও। দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চার দিনের সিরিজের প্রথম বিভাগের ম্যাচে খেলতে গিয়ে চোট পান কোটজিয়া। ম্যাচটিতে ব্যাট হাতে ৪৭ বলে ৫৭ রান করেন তিনি। বল হাতে ১৫ ওভার করে নেন দুটি উইকেট। তবে ফলো-অনের পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি এই পেসার। শেষ পর্যন্ত চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই সংস্করণের সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।
অন্যদিকে, ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কোয়েনা মাফাকা। তবে অনুশীলনের সময় নতুন করে সমস্যায় পড়েন তিনি। ঝুঁকি এড়াতে তাকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। একই কারণে ১ ডিসেম্বর থেকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না এই তরুণ পেসার।
দুই পেসারের অনুপস্থিতিতে দলে নতুন ক্রিকেটার যুক্ত করেছে প্রোটিয়া নির্বাচকরা। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন। এখন পর্যন্ত ২৬টি লিস্ট 'এ' ম্যাচ খেলে বল হাতে তার গড় ২৫.৫৭।
এদিকে, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ১৮ বছর বয়সি ব্যাটার জে জে ব্যাসন। একই সঙ্গে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ইথান বোসকেকেও।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে দুই পেসারের ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা। বিশেষ করে দুই সংস্করণেই কোটজিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের বিকল্প খুঁজে পাওয়া প্রোটিয়া টিম ম্যানেজমেন্টের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এসএস