এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। তবে ডেনমার্কের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেও ২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। গ্রুপ সি থেকে শেষ ৩২-এ কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা।
কাতারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। পলিসেলা ও অ্যালান আলকারাজ গোল করে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ পর্যন্ত ডেনমার্কের সঙ্গে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ফলে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে লাল কার্ডের কারণে ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে মোজাম্বিককে ২-১ গোলে হারায় তারা। সেই ম্যাচে মাতেও মাচুকা ও অধিনায়ক সিমন এসকোবার গোল করেন।
ডেনমার্কের বিপক্ষে ড্রয়ের ফলে গ্রুপ পর্বে একটি জয়, একটি হার ও একটি ড্র নিয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। এখন তাদের লক্ষ্য শেষ ৩২-এর লড়াই পেরিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া।
আর্জেন্টিনার প্রধান কোচ দিয়েগো প্লাসেন্তের অধীনে দলটি এবার বয়সভিত্তিক বিশ্বকাপে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা করছে। এর আগে ১৯৯১, ১৯৯৫ ও ২০০৩ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল দেশটি।
এফএস