দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে একাদশে সুযোগ না পেলেও কোচ ও অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন শরিফুল ইসলাম। প্রথম টেস্টে তিন পেসার নিয়ে খেললেও তাকে বাইরে রাখে বাংলাদেশ।
তবে দলের বাইরে থাকার পেছনে ওয়ার্কলোড কিংবা ফিটনেসের কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন এই বাঁহাতি পেসার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সেঞ্চুরিয়নে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, দলের চাহিদা অনুযায়ী কোচ ও অধিনায়ক যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিকে তিনি সম্মান করেন।
খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন বলেও জানান তিনি। শরিফুল বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ অনেক পেছনে। সেটা অতীত ছিল। সেখানে ভালো করেছিলাম।
একাদশে জায়গা না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘বর্তমানে টিম ডিমান্ড যদি বলেন, কোচ-ক্যাপ্টেনের চাওয়া, এটাকে আমি সম্মান করি। ওয়ার্কলোড কমপ্লিট করেই রেডি ছিলাম। উনারা যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নিয়েছেন।’
অস্ট্রেলিয়া সফরে ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিং করে আলোচনায় এসেছিলেন শরিফুল। সেই পারফরম্যান্সের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তাকে একাদশে না রাখায় প্রশ্ন উঠেছিল। বিশেষ করে তিন পেসার খেলানোর পরও শরিফুলকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকে।
এদিকে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলারদের অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান তুলে দিন শেষ করে।
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের এমন দাপুটে ব্যাটিংয়ের পেছনে বাংলাদেশের বোলিংয়ের দুর্বলতাও দেখছেন শরিফুল। তার মতে, প্রতিপক্ষের বোলাররা যেখানে পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছেন, সেখানে বাংলাদেশের বোলাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।
শরিফুল বলেন, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো বোলিং করেছে। আমরা গোছানো বোলিং করতে পারিনি, যে-ই এসেছি। শুরুতে কিছু সহজ বাউন্ডারি দিয়েছি। ভালো বল সুন্দর ছেড়ে দিয়েছে। এদিক দিয়ে এগিয়ে গেছে। আমরা স্বীকার করছি, এই ইনিংসে আমরা পেসাররা ভালো বল করতে পারিনি।’
বোলিংয়ে নিজেদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এক জায়গায় আমরা বল করতে পারিনি। যেখানে বল ধরছিল সেখানে বেশিক্ষণ বল করতে পারিনি। ব্যাক অব লেন্থে বল করেছি। এর চেয়ে কীভাবে ভালো করা যায় সেটাই ভাববো।’
এসএ