ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫-২০ পৃষ্ঠার সিলগালা করা প্রতিবেদনটি ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়। বেলা ১১টার দিকে তদন্ত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায় বলে জানা গেছে।

তবে তদন্তে আগুনের প্রকৃত কারণ শনাক্ত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সম্ভাব্য ৪-৫টি কারণ চিহ্নিত করে সেগুলো ‌‘অধিকতর তদন্তের’ সুপারিশ করেছে কমিটি।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠক করে প্রতিবেদনটি চূড়ান্ত করার পর সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কমিটির অন্য তিন সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

তদন্ত সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কমিটি আগুনের প্রকৃত কারণ বা সূত্রপাত সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় ঘটনাটির ‘অধিকতর তদন্তের’ সুপারিশ করেছে।

আগুনের সম্ভাব্য কারণগুলোর মধ্যে ঘরের ভেতর সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা আছে।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটিরা একজন সদস্য জানান, প্রতিবেদনে অগ্নিকাণ্ডের সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলোর ওপর আরও অধিকতর তদন্ত করার কথা বলা হয়েছে।

‘এটি কোনো নাশকতা বা পেট্রোলবোমা হামলা ছিল কি-না’ জানতে চাইলে ওই সদস্য জানান, পেট্রোলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুদফা তদন্তকালে তারা পেট্রোলবোমা থেকে আগুন লাগার কোনো তথ্য প্রমাণ পাননি।

তদন্তকালীন কমিটির সদস্যরা ওই বাড়ির বাসিন্দা এবং আশপাশের এলাকার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর দীর্ঘ বক্তব্য গ্রহণ করেন। তাদের দেওয়া তথ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করেই সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার গুরুত্ব বিবেচনায় ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। শুরুতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সেই সময়সীমার শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।

গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় পরদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা করেন নুসরাত তাবাসসুম। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝