ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাঁচ সীমান্তবর্তী জেলা সহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলোর মধ্যে পাঁচটিই সীমান্তবর্তী। সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতা নিহত এবং এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে এ রদবদল করা হলো। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর প্রেক্ষাপটেও এ পরিবর্তন এসেছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে। ২৫তম বিসিএসের কর্মকর্তা তৌহিদুল আরিফ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি এবং এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার এসপি করা হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীনকে ফেনীর এসপি, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের এসপি আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নতুন নিয়োগ পাওয়া সাত এসপির মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ—এই পাঁচটি জেলা ভারতের সীমান্তবর্তী।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনা এবং ভারতে অবস্থানরত দলটির নেতা-কর্মীদের কেউ কেউ দেশে প্রবেশ করে নাশকতায় অংশ নিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ নির্দেশনা দেন। বৈঠকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝