ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যাংকে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা, ফিরছে আস্থা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের ব্যাংক খাতে আমানত বাড়ার গতি বেড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ, যার পরিমাণ প্রায় দুই লাখ ৪৮ হাজার কোটি টাকা।


কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগ, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানত ফেরত দেওয়ার কার্যক্রম এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টার মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র এক নয়।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা।


অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে দুই লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৩০ হাজার সাত কোটি ৩০ লাখ টাকা।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় ইতিবাচক প্রভাব পড়েছে।


তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি চলছে। ইতিমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্য ব্যাংকগুলোর মূল্যায়নও এগিয়ে চলছে।


ঋণ বিতরণের চেয়ে বেশি বেড়েছে বিনিয়োগ

আমানত বাড়লেও ব্যাংকগুলোর ঋণ বিতরণে প্রবৃদ্ধি তুলনামূলক কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।


অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকা।


ভালো ব্যাংকে আমানত রাখার প্রবণতা বাড়ছে

ব্যাংক খাতে সামগ্রিক আমানত বৃদ্ধির পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যাংকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংকের আমানত ১৬ শতাংশ বেড়ে এক লাখ তিন হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সিটি ব্যাংকের আমানত ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ হাজার ৪১২ কোটি টাকা হয়েছে। আর ব্যাংক এশিয়ার আমানত প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।


অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির হার সমান নয়। গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।


তিনি বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।


আস্থা ফেরাতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমানত বাড়ার পাশাপাশি গ্রাহকরা প্রয়োজনের সময় যেন নির্বিঘ্নে অর্থ তুলতে পারেন, মেয়াদি আমানতের টাকা ফেরত পান এবং চেক ও এটিএম সেবা স্বাভাবিক থাকে, সেটিও নিশ্চিত করতে হবে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য এসব সেবা স্বাভাবিক রাখাই আস্থা ফেরানোর বড় পরীক্ষা।


এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়। করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।


বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে আমানত বৃদ্ধির এই ধারা ধরে রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো জরুরি। এতে বেসরকারি বিনিয়োগ ও শিল্পের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।


বাসস/টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝