ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ঘোষণা দিয়েছে ভারত। আগামী ডিসেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে এবং ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত জ্যঁ-এরিক পেকে।
এক ভিডিও বার্তায় চুক্তির অগ্রগতি ও সম্ভাবনার কথা তুলে ধরে পেকে জানান, চলতি বছরের জানুয়ারিতেই উভয় পক্ষের মধ্যে আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে চুক্তির বিভিন্ন কারিগরি বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন এই বাণিজ্য চুক্তি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পেকে আরও জানান, ডিসেম্বরে চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে ইউরোপে একটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১১৮ বিলিয়ন ইউরো। নতুন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
আরএন