নতুন দফায় ৬ হাজার ৫০০-র বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ডিসেম্বর মাসে নৌ ও আকাশপথে তাঁদের ফেরত পাঠানো হবে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পাঁচ দিন পর মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়।
ঐতিহাসিকভাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আশ্রয় দিয়ে এলেও বিপুলসংখ্যক শরণার্থী নিয়ে ক্রমেই চাপে পড়ছে মালয়েশিয়া। দেশটির ভাষ্য, শরণার্থীদের আশ্রয় দেওয়া আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে একটি অস্বচ্ছ প্রকল্পের আওতায় যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অধিকার সংগঠনগুলো।
যেভাবে ফেরত পাঠানো হবেমালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌবাহিনীর তিনটি জাহাজে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হবে। এ ছাড়া পুরো ডিসেম্বর মাসে মিয়ানমার সরকারের খরচে বিমানে ফেরত পাঠানো হবে আরও ৫ হাজার ৩০৩ জনকে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় সংস্থাটির নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাঁদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক। জাতিসংঘের হিসাবে, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। মূলত মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।
আইসিজের নির্দেশনাগত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রায়ে বলেন, মিয়ানমারের কর্তৃপক্ষকে দেশের ভেতরে বা বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিতে এবং তা সহজ করতে হবে।
জান্তাপ্রধানকে আতিথ্য দেওয়া নিয়ে সমালোচনাগত মাসে মালয়েশিয়া মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয়। এ নিয়ে অধিকার সংগঠনগুলো সমালোচনা করে বলেছে, এমন উদ্যোগ মিয়ানমারের সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করে এবং ফেরত পাঠানো মানুষের নিরাপত্তা বিপন্ন করতে পারে।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ মালয়েশিয়ার স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ এবং আইসিজের রায়ের সঙ্গে সংগতিপূর্ণ। তাঁর ভাষ্য, রায়ের লক্ষ্য নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।
মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেকেই মিয়ানমারের শাসকগোষ্ঠীর নৃশংসতার শিকার বলে স্বীকার করেন আনোয়ার। তবে তিনি বলেন, মালয়েশিয়ার পক্ষে আর শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। তৃতীয় কোনো দেশে তাঁদের পুনর্বাসনের উদ্যোগও সফল হয়নি।
হেফাজতে আটক নিয়ে উদ্বেগগত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি দেশটিতে ফিরে যাওয়া শত শত অভিবাসীকে মিয়ানমারের সামরিক হেফাজতে রাখা হয়েছে- এমন খবরের ব্যাখ্যা দেশটির সরকারের কাছে চাওয়া হবে। তবে আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার কথা উল্লেখ করেননি।
তিনি বলেন, রোহিঙ্গা ও অন্যান্য নৃগোষ্ঠীর বিষয়ে নিজেদের উদ্বেগের কথা মালয়েশিয়া আবারও তুলে ধরেছে। আইসিজের রায়েও এসব বিষয় গুরুত্ব পেয়েছে।
সূত্র: আল জাজিরা
-টিএস