২০২৪ সালের অক্টোবরের শেষ দিকে, অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে একটি সামরিক সদর দপ্তরের পাহারায় থাকা সার্জেন্ট আলেক্সি বলগভ তার স্ত্রী নাতালিয়াকে ফোনে বলেছিলেন, ‘এখানে যা ঘটছে তা ভয়াবহ। ফিরে এলে তোমাকে সব বলব।’
তিনি আর বাড়ি ফিরতে পারেননি। পাঁচ সপ্তাহ পর, ২৯তম জন্মদিনের কিছুদিনের মধ্যেই স্টেপোভে গ্রামের কাছে নিজের ইউনিটের কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরে জঙ্গলের ভেতর গিয়ে বলগভ নিজেকে গুলি করেন। ‘দ্য গার্ডিয়ান’-এর হাতে আসা তার কমান্ডারের লেখা একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তার কমান্ডার লিখেছেন, ‘মৃত্যুর দিন বলগভকে বেশ চুপচাপ ও বিচ্ছিন্ন মনে হচ্ছিল।’
‘দ্য গার্ডিয়ান’-এর বিশ্লেষণ করা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রোসস্ট্যাট’-এর গোপন তথ্য অনুযায়ী, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ১০০০-এর বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন।
এছাড়া, ইউক্রেনে বা এর কাছাকাছি এলাকায় আরও ৮৮৫ জন সেনার মৃত্যুর কারণ হিসেবে ‘অনির্ধারিত উদ্দেশ্য’-জনিত আগ্নেয়াস্ত্রের আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই শ্রেণিবিন্যাসটি অনেক সময় আত্মহত্যার ঘটনাকে আড়াল করতে ব্যবহৃত হয়। ‘দ্য গার্ডিয়ান’-এর নিজস্ব অনুসন্ধানেও এমন বেশ কয়েকটি ঘটনা পাওয়া গেছে, যা আসলে আত্মহত্যা ছিল।
সব মিলিয়ে, আত্মহত্যাকারী সেনার সংখ্যা একটি পূর্ণাঙ্গ রুশ রেজিমেন্টের সমান।
বিশ্লেষকদের মতে, এই তথ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি। প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কঠোর শৃঙ্খলার কারণে রুশ সামরিক বাহিনীর ওপর যে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়েছে, তা এই তথ্যের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে এল।
যেকোনো যুদ্ধেই সৈন্যদের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক অনুসন্ধানে দেখা গেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত অন্তত ১৫৮ জন সেনা আত্মহত্যা করেছেন।
সামরিক বিশ্লেষকদের মতে, রুশ সেনাবাহিনীতে এই সমস্যা আরও প্রকট। এর পেছনে রয়েছে সহকর্মী ও কমান্ডারদের তীব্র চাপ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ লড়াইয়ের মিশনে পাঠানোর ভয়। এছাড়া, এমন সব চুক্তির কারণে সৈন্যরা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পান না, যা তাদের মধ্যে চরম হতাশা ও অসহায়ত্ব আরও বাড়িয়ে তোলে। ‘ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট’-এর সিনিয়র ফেলো রব লি বলেন, ‘মানুষকে জোর করে সামনের সারিতে পাঠাতে রুশ সামরিক বাহিনী যে ব্যাপক জবরদস্তি চালায়, তা স্পষ্ট। অনেক ক্ষেত্রে তারা সৈন্যদের ওপর নির্যাতন চালায়, তাদের ওপর শারীরিক নিপীড়নের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে।’
তিনি আরও যোগ করেন, ‘তাই কিছু সৈন্যের আত্মহত্যা করার ঘটনা মোটেও আশ্চর্যজনক নয়।’
এই পরিসংখ্যানগুলো পাওয়া গেছে ১ কোটি ১০ লাখেরও বেশি মৃত্যু সনদের একটি সংগ্রহ থেকে, যা বেলারুশের বিরোধী দল-সংশ্লিষ্ট হ্যাকিং গ্রুপ ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী ‘সাইলেন্ট ক্রো’ উদ্ধার করেছে।
ক্রেমলিন সামরিক বাহিনীতে আত্মহত্যার কোনো তথ্য প্রকাশ করে না এবং হতাহতের সংখ্যাকে রাষ্ট্রীয় গোপন নথি হিসেবে গণ্য করে।
‘দ্য গার্ডিয়ান’-এর শনাক্ত করা সামরিক কর্মীদের ১,০৮৭টি আত্মহত্যার ঘটনার মধ্যে অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত অঞ্চলে অথবা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে—মূলত বেলগোরোদ ও ব্রিয়ানস্ক এলাকায়। এছাড়া ১১৩টি নথিতে মৃত্যুর স্থান উল্লেখ করা হয়নি।
আত্মহত্যার অর্ধেকেরও বেশি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে—বিশেষ করে সম্মুখসারির কাছাকাছি এলাকায়। এসব মৃত্যুর ঘটনা ঘটেছে সামরিক ক্যাম্প, যুদ্ধক্ষেত্র, প্রশিক্ষণ কেন্দ্র এবং ব্যক্তিগত বাসস্থানে।
যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া এসব আত্মহত্যার ঘটনায় ৪৩ জন ছিলেন ১৮ বা ১৯ বছর বয়সী তরুণ সৈনিক।
এই পরিসংখ্যানের মধ্যে ২৫ বছরের কম বয়সী ১০৮ জন পুরুষও রয়েছেন, যারা সম্মুখসারির বাইরে রাশিয়ার অন্যান্য অঞ্চলে আত্মহত্যা করেছেন। এদের মধ্যে কেউ কেউ সম্ভবত বাধ্যতামূলক সামরিক সেবায় (conscription) নিয়োজিত ছিলেন; যদিও তাদের আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে যুদ্ধ করার জন্য পাঠানোর কথা নয়, তবুও প্রায়শই তাদের এমন চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, যার ফলে তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা সম্ভব হয়েছে।
যুদ্ধের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনাও বেড়েছে। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৫০-এর বেশি, ২০২৪ সালে তা ২০০ ছাড়িয়ে যায় এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫টিতে পৌঁছায়—যা রাশিয়ার সামগ্রিক প্রাণহানির সংখ্যারই প্রতিফলন। ২০২৬ সালে—যদিও তথ্যভাণ্ডারটি অসম্পূর্ণ এবং যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতির তুলনায় পিছিয়ে আছে—ইতিমধ্যেই প্রায় ৩০০টি আত্মহত্যার রেকর্ড পাওয়া গেছে, যা যুদ্ধের যেকোনো বছরের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।
রুশ সেনাবাহিনী থেকে পালিয়ে আসা ব্যক্তিদের নিয়ে কাজ করা কর্মী ও আইনজীবীদের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ‘আমি বলব, এটি একটি কম অনুমান,’ বলেছেন ইভান চুভিলিয়ায়েভ। তিনি ‘ইদিতে লেসোম’ নামক একটি সংগঠনের মুখপাত্র, যা রুশ সৈন্যদের সেনাবাহিনী ত্যাগ করতে (ডেজার্ট করতে) সহায়তা করে। ‘স্বাভাবিকভাবেই, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।’
তিনি সম্মুখ সমরের পরিস্থিতিকে একটি “টিনের কৌটা”র সাথে তুলনা করেছেন, যেখান থেকে খুব কম তথ্যই বাইরে বেরিয়ে আসতে পারে। ‘রসস্ট্যাট-এর যেকোনো পরিসংখ্যান—যেমন যুদ্ধের সাথে সম্পর্কিত অন্য যেকোনো পরিসংখ্যান—আসলে কেবল ওপরের দিকে পাঠানো প্রতিবেদন মাত্র।’
চুভিলিয়ায়েভ বলেন, ‘একজন ব্যক্তি হয়তো আত্মহত্যা করলেন, কিন্তু কাগজে-কলমে তিনি একজন বীর। এমনকি তার বাবা-মায়ের কাছে হয়তো কোনো পদকও পাঠানো হতে পারে।’
তিনি আরও যোগ করেন, সঠিক সংখ্যা জানার ব্যাপারে কর্মকর্তাদের তেমন কোনো আগ্রহ নেই; কারণ এই সংখ্যাগুলো কমান্ড কাঠামোর ওপরের স্তরে কঠোর পর্যালোচনার মুখে পড়তে পারে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, ১ কোটি ১০ লাখ মৃত্যু সনদের তথ্যভাণ্ডার থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিহতদের মধ্যে আত্মহত্যার ঘটনা একটি রেজিমেন্টের সমান হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান