সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তবে নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা দুর্ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এফএস